নাটোরে শ্বাসরুদ্ধ করে দুই সন্তানের জননীকে হত্যা

নাটোর প্রতিনিধি, ২৩ জুলাই (বিডিন্যাশনাল নিউজ ডটকম):- নাটোরে পারিবারিক কলহের জের ধরে দুই সন্তানের জননী বিলকিস খাতুনকে (২৭) শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিলকিস উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের আ: গফুর মন্ডলের মেয়ে। এ ঘটনায় বিলকিসের ভাই আব্দুস সালাম বাদি হয়ে রোববার লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৪টার দিকে বিলকিস খাতুন ও তার স্বামী শহিদুল ইসলাম এর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শহিদুল ঘরের দরজা বন্ধ করে স্ত্রীকে মারপিট করে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরুদ্ধ করে। পরে আশংকাজনক অবস্থায় ভ্যানগাড়ীতে করে লালপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
স্ত্রীর লাশ বাড়িতে আনার পর ৭ বছর ও ৫বছর বয়সের ২ সন্তানকে সাথে নিয়ে পালিয়ে যায় স্বামী শহিদুল। শহিদুল উত্তর লালপুর গ্রামের রহিত মন্ডলের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা লালপুর থানার এস আই আসাদুজ্জামান জানান, লাশের শরীরে তেমন আঘাতের চিহ্ন নেই, গলায় হালকা দাগ রয়েছে। শ্বাসরুদ্ধ হয়ে বিলকিসের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
লাশ ময়না তদন্তের জন্য নাটোর আধুনক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।