সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি, ২৬ জুলাই (বিডিন্যাশনাল নিউজ ডটকম):-
গাইবান্ধার সুন্দরগঞ্জে পৈত্রিক সম্পত্তির বিরোধের জের ধরে বড় ভাইয়ের হাতে
ছোট ভাই খুন হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ঘাতক বড় ভাই ও ভাবীসহ ৪ জনকে আটক
করে পুলিশের কাছে সোর্পদ করেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার উপজেলার
শান্তিরাম গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার শান্তিরাম গ্রামের মৃত- কছর আলী দফাদারের পুত্র কোরবান,
ফয়জার ও মশিউরের সাথে ছোট ভাই একাব্বর হোসেনের জমি-জমা নিয়ে বিরোধ চলে
আসছিল। এরই জের ধরে আজ বৃহস্পতিবার বিরোধপূর্ণ জমিতে মশিউর আমন ধানের চারা
রোপন করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে বড় ভাই ফয়জারের
লাঠির আঘাতে ঘটনাস্থলেই ছোট ভাই একাব্বর হোসেন (৫০) মারা যায়। একাব্বরের
মৃত্যু নিশ্চিত হয়ে পালানোর সময় এলাকাবাসী বড় ভাই ও ভাবীসহ ৪ জনকে আটক করে
পুলিশের কাছে সোপর্দ করে।
গাইবান্ধা জেলার সিনিয়র সহকারি পুলিশ সুপার মাহফুজুর রহমান, সুন্দরগঞ্জ
থানা অফিসার ইনচার্জ মনজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশ ময়না তদন্তের
জন্য মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।