১০ শিক্ষা প্রতিষ্ঠান ও ৮ গ্রামের জনসাধারন চরম দূর্ভোগ রাজাপুরে একটি রাস্তার জন্য !


ঝালকাঠি প্রতিনিধি, ১৪ জুলাই (বিডিন্যাশনাল নিউজ ডটকম):- ঝালকাঠির রাজাপুর উপজেলার নারিকেলবাড়িয়া টেম্পুস্ট্যান্ড থেকে হাজিরহাট পর্যন্ত সড়কের দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থা। গুরুত্বপূর্ণ প্রায় ২কিলোমিটার এই সড়ক দিয়ে ৮টি গ্রামের ১০ সহশ্রাধিক লোকজনসহ আশেপাশের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থীরা হাঁটু সমান কাদা পাড় হয়ে প্রতিনিয়ত চরম দুর্ভোগে স্কুলে যাতায়াত করছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার লেবুবুনিয়া বাজার সংলগ্ন নারিকেলবাড়িয়া টেম্পুস্ট্যান্ড থেকে রোলা মাদ্রাসা হয়ে হাজির হাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ সড়কটি দিয়েই লেবুবুনিয়া বাজার থেকে রাজাপুর পর্যন্ত ৮টি গ্রামের ১০ সহশ্রাধিক মানুষের হাঁটু সমান কাদামাটি গায়ে মেখে চলাচল করতে বাধ্য হয়। শুধু তাই নয় একই উপায়ে চরম দুর্ভোগে আশেপাশের ৫টি মাদ্রাসা, ৩টি প্রাথমিক বিদ্যালয় ও ২ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতায়াত করছে। ফুলহার মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য গিয়াস উদ্দিন খান জানান, গত সরকারের সময় পুরো সড়কটি পাকা করার কথা বলে কাজ শুরু করলেও মাত্র আধা কি:মি: কাজ করার পর বন্ধ হয়ে যায়। পরে সংশ্লিষ্ট ঠিকাদার বলেছে, তৎকালীন এমপি শাহজাহান ওমর নাকি একাজ কেটে অন্য রাস্তা করার জন্য নিয়েছে। সাতুরিয়ার কাজি সোবাহান আকন বলেন, ইতিপূর্বে পাকা করা আধা কিলোমিটার সড়কও এখন ভেঙে খালের সাথে মিশে এখন মরন ফাঁদে পরিনত হয়েছে। রোলা মাদ্রাসার শিক্ষার্থী সোনিয়া আক্তার জানায়, বর্ষার সময়ে রাস্তায় এত বেশি কাদা হয় যে মাদ্রাসায় যেতে অনেক কষ্ট হয়। প্রাই ছাত্রছাত্রীরা পা ফসকে পড়ে বইপত্র ও জামাকাপড় নষ্ট হলে বাড়ী ফিরে যায়।
এব্যাপারে রাজাপুর উপজেলা এলজিইডি কর্মকর্তা লুৎফর রহমান বলেন, অতি শিগগিরই ওই সড়কের ব্যাপারে কর্তৃপক্ষকে অবহিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। { Source-- http://www.bdnationalnews.com/environment/ }