
বিডিন্যাশনাল
নিউজ ডটকম:- এর আগেও তাকে অধিকার বঞ্চিত মানুষদের পাশে দেখা গেছে বিভিন্ন
সময়ে। সাবেক প্রেমিকা সোমি আলির দাতব্য প্রতিষ্ঠানের বিভিন্ন কাজে মাঠ
পর্যায়েও ছুটে গেছেন তিনি। তাই অধিকার বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর এই
মানসিকতাকে তার নতুন খেয়াল বলা যাবে না কোনভাবেই। তবে বারবার হাত পেতে অর্থ
জোগাড় করার অভ্যাসটাকেও পাল্টাতে চান এ তারকা। পাকাপোক্তভাবেই
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কিছু করতে চান সালমান খান। আর তাই তিনি
প্রতিষ্ঠা করলেন ‘হিউম্যান বিয়িং’ নামে একটি গার্মেন্টস ফ্যাশন হাউস। এই
হাউস থেকে আয় করা অর্থ সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ব্যবহার করতে চান তিনি।
মঙ্গলবার ‘হিউম্যান বিয়িং’র দুবাই শহরে যাত্রা শুরুকালে সাংবাদিকদের এসব
তথ্য জানান খোদ সালমান। এ প্রতিষ্ঠানের আয় মুম্বইয়ের সুবিধাবঞ্চিত শিশুদের
শিক্ষা ও চিকিৎসা খাতে ব্যয় করা হবে বলে জানান তিনি। মুম্বই ও দুবাই শহরে
জাঁকজমকপূর্ণভাবে এ ফ্যাশন হাউসটির যাত্রা শুরু হয়েছে। মূলত গার্মেন্টস
শিল্পের ব্যবসা চালানো এ প্রতিষ্ঠানের মূল বাণিজ্যিক ঠিকানা হবে দুবাই
শহরে।